0

SSCTU-medium20150627173545রিপোর্টার্স বিডি ডট কম :  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ ইস্যুতে আন্দোলনের ষষ্ঠ দিনে রাতের অন্ধকারে রেজিস্ট্রারের কক্ষ থেকে ফাইল সরানোর অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষকবৃন্দ। শনিবার দুপুরে এ অভিযোগ করেন আন্দোলনরত আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের একাংশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ পরিষদের শিক্ষকরা। উপাচার্যের অপসারণের দাবিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিন থাকা সত্ত্বেও সকাল সাড়ে ৮টায় উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা। সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কক্ষের তালায় চাবি ঝুলতে দেখেন আন্দোলনকারী শিক্ষক অধ্যাপক ড. ইয়াসমিন হক ও সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন। এরপর তারা ঘটনাটি উপস্থিত পুলিশ ও সাংবাদিকদের জানান। এ বিষয়ে উপাচার্য ভবনের প্রহরী হাবিবুল­হকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে রেজিস্ট্রার স্যার (মো. ইশফাকুল হোসেন) উপাচার্য ভবনে আসেন। এসময় তিনি তার কক্ষে ঢুকে চেকবই নিয়ে যান। তবে শুধু চেকবই নিয়ে গেছেন এ কথা মানতে রাজি নন আন্দোলনরত শিক্ষকরা। তাদের দাবি রাতের অন্ধকারে এসে রেজিস্ট্রারের কক্ষ থেকে উপাচার্যের নানা ধরনের দুর্নীতি ও অপকর্মের মূল্যবান ফাইল সরিয়ে ফেলা হয়েছে। ঘটনাটি অস্বীকার করে শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। উল্লেখ্য, উপাচার্যের যোগদানের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবিতে গত ছয়দিন ধরে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকদের একাংশ। এছাড়া গত বৃহস্পতিবার তারা উপাচার্যের দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করেন। এদিকে রোববার থেকে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। রোববার অবস্থান কর্মসূচির পাশাপাশি উপাচার্যের বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক মো. ফারুক উদ্দিন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top