0

unnamed-59রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর কাছে চারটি দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন নিহত শিশু সামিউল আলম রাজনের বাবা আজিজুর রহমান আলম। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো- সৌদি আরবে আটক কামরুলকে দ্রুত দেশে ফিরিয়ে আনা, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তি, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকান্ডে বিষয়টি ধামাচাপা ও অপরাধে সহযোগিতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তিনিসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, পুলিশ প্রথমে হত্যাকান্ডে মুল আসামি কামরুলকে আটক করে। কিন্ত কতিপয় দালাল আঁতাত করে টাকার বিনিময়ে তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয় এবং সৌদিতে দ্রুত পালিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া রাজন হত্যার পর পুলিশ বাদী হয়ে একটি মনগড়া এজাহার দায়ের করে। এজাহারদৃষ্টে বোঝা যায়, আসামিদের বাঁচানোর জন্য পরিকল্পনার মাধ্যমে একটি দায়সারা এজাহার দায়ের করা হয়।যে কারণে পরবর্তীতে তিনি নিজে বাদী হয়ে আরেকটি এজাহার দায়ের করেন বলেও উল্লেখ করেন আজিজুর রহমান আলম। পুত্রশোকে কাতর আজিজুর রহমান আলম আরো উল্লেখ করেন, রাজন হত্যার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা সমবেদনা জানাতে বাড়িতে আসেন। তারা সকলে রাজনের অন্যতম হত্যাকারী কামরুল ফিরিয়ে আনা, দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া ছাড়া অন্যগুলো নিয়ে কার্যকরী পদক্ষেপ বাস্তবে অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। যে কারণে পুত্র হত্যার সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন রাজনের বাবা। এসময় উপস্থিত ছিলেন রাজনে পরিবারেরসহ এলাকার গণমান্ন ব্যাক্তিবর্গ।-বিজ্ঞপ্তি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top