রিপোর্টার্স বিডি ডট কম : রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে চলছে ছাত্রলীগের ২৮তম জাতীয় কাউন্সিল। রোববার সকাল সাড়ে ১০টা থেকে নতুন নেতা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ছাত্রলীগের কাউন্সিলে বিপরীত মতাদর্শের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও কাউন্সিলে অংশ নেয় নি তারা। কাউন্সিলে অংশ না নেয়ার পক্ষে ছাত্রদল নেতারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন এই প্রতিবেদকের কাছে। ছাত্রদল সহ-সভাপতি নাজমুল হাসান বলেন, ছাত্রদলের বর্তমান সভাপতি রাজিব আহসানসহ দলের হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে কারাগারে রয়েছেন। এরকম পরিস্থিতিতে ছাত্রলীগের কাউন্সিলে অংশ নেয়াটা শোভনীয় হবে না। তাই তারা কাউন্সিলে অংশ নেন নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রলীগ যদি সহনশীল আচরণ দেখাতো, ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখতো তাহলে কাউন্সিলে অংশ নেয়ার চিন্তা ভাবনা করতেন তারা। সংগঠনটির আরেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় বসে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে। তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল করবে সেটা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রসহ ছাত্রদল নেতাকর্মীদের উপর যেভাবে বর্বরোচিত হামলা অব্যহত রেখেছে এরকম পরিস্থিতিতে তাদের কাউন্সিলে অংশ নেয়ার প্রশ্নই উঠে না। এদিকে ছাত্রলীগের কাউন্সিলে অংশ না নিলেও রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নানা অপকর্মের কথা তুলে ধরেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন- আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ বিসর্জন দিয়ে বিশ্বজিৎদের মতো তরুণরা খুন হচ্ছে মুজিববাদী ছাত্রলীগ ক্যাডারদের হাতে। ঢাকার মিরপুর বাংলা কলেজের ছাত্রী ফাতেমাতুজ জোহরা বৃষ্টি হত্যাকারী `অনিক`দের বসানো হচ্ছে নেতৃত্বে। ছাত্রলীগের কাউন্সিলে অংশ না নিয়ে হঠাৎ ডাকা ছাত্রদলের সংবাদ সম্মেলনে সমালোচনা করে ছাত্রনেতারা বলেন, বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী ছাত্রসংগঠনগুলো গণতান্ত্রিক সাংগঠনিক কর্মকাণ্ডের চর্চার কেন্দ্রবিন্দু। অথচ চর দখলের মতাে ছাত্রলীগ ক্যাম্পাসগুলো দখল করে রেখেছে। এদিকে বিএনপির মুখপাত্রের দায়িত্ব থাকা দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মিথ্যা মামলায় অাটক ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ সংগঠনটির নেতাকর্মীদেরকে মুক্তি দিলে ছাত্রলীগের কাউন্সিলে অংশ নেবে ছাত্রদল। সরেজমিন ঘুরে দেখা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কাউন্সিলররা স্বতস্ফুর্তভাবে ভোট প্রদান করছেন। সন্ধ্যা নাগাদ ভোগ গণনা শেষে পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। জানা গেছে, সভাপতি পদে সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসাইনকে নতুন দায়িত্ব দেয়া হতে পারে। দেশের ১০১টি ইউনিট এবং বিদেশে ৯টি ইউনিটের ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতা নির্বাচন করছেন। প্রতিটি ইউনিটে ভোটার রয়েছেন ২৫জন।
সূত্র- জাগো নিউজ
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook