অভিনেত্রী বিপাশা কবিরের জন্য সুখবর বয়ে আনলেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২৩ মে ছিল তার জন্মদিন। এমন দিনে তাকে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবার ঘোষণা দিলেন স্বয়ং জাজের কর্ণধার আবদুল আজিজ।
বিপাশা কবির এর আগে বিভিন্ন ছবিতে আইটেম গানে পারফর্ম করলেও চিত্রনায়িকা হিসেবেও দুটি ছবিতে কাজ করছেন। 
বিপাশা কবিরের জন্মদিন উপলক্ষে জাজ মাল্টিমিডিয়া ‘তালাশ-দ্য ক্রাইসেস’ ছবিতে নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করেছে। কলকাতার এসকে মুভিজ ও জাজের ব্যানারে নির্মিত হবে ছবিটি।
ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির। ছবিটির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। শিগগিরিই এ সিনেমার শুটিং শুরুর ঘোষণা দেওয়া হবে।
জন্মদিনের এমন উপহার প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘আমার জীবনে জন্মদিনে এত বড় উপহার আর কোনদিনও পাইনি। জাজের কারণেই আজ আমি এখানে আসতে পেরেছি। জাজই আমাকে প্রথম অভিনয়ের সুযোগ করে দিয়েছে। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে এসেছিলাম। জাজ আজ তাদের সিনেমায় নায়িকা হিসেবে নেওয়ার ঘোষণা দিয়েছে। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া।’
তবে বিপাশা কবিরের নায়ক হিসেবে কে থাকছেন তা এখনও ঘোষনা করা হয়নি। এ বিষয়ে জাজের কর্ণদার আব্দুল আজিজ বলেন, ‘এ ছবিতে নায়ক থাকবেন দুই জন। কলকাতা থেকে একজন হিরো নেওয়ার কথা রয়েছে। ছবিটি বাংলাদেশ ভারত যৌথ প্রোযজনায় নির্মিত হবে। 
উল্লেখ্য ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একটি আইটেম গানের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বিপাশা কবির। বিপাশা বর্তমানে ‘বাজে ছেলে দ্য লোফার’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি।
 
Top