রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার কারণে জনগণের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠছে বলে অভিযোগে করেছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি। সরকারি এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর দাবি জানান বাবলু।
শনিবার সকালে জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর জেলার দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৫-এ প্রধান বক্তার বক্তব্যে জাপা মহাসচিব এ অভিযোগ করেন।
জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের দুর্ভোগ বেড়েছে। এতে করে তাদের জীবন মানে নাভিশ্বাস উঠেছে। কিন্তু সরকার জনগণের ভাষা অনুধাবন করতে না পেরে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। আমরা সরকারি এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’
তিনি আরো বলেন, ‘দেশের মানুষ এখন নিরাপদে বাস করতে পারছেনা। একদিকে দেশের নানা প্রান্তে খুন-গুম-সন্ত্রাস হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।আমার অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানোর দাবি জানাচ্ছি। জাতীয় পার্টি সংসদ ও সংসদের বাইরে এর তীব্র প্রতিবাদ জানাবে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সরকারের পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এরশাদ সরকারের আমল ছিল বাংলাদেশেল সোনালী যুগ। গ্রামের মানুষ এখনো এরশাদ সরকারের আমলের উন্নয়ন কার্যক্রমের কথা মনে রেখেছে। গ্রামের মানুষ এখনো বলে এরশাদ ভাল মানুষ। তার সময়ে শান্তিতে ছিলাম। দেশের উন্নয়ন হয়েছে। প্রশাসনের বিকেন্দ্রীকরণ হয়েছে। সন্ত্রাস হয়নি। অথচ দেশে এখন খুন-খারাবিতে ভরে গেছে।’
উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শায়েস্তা খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ, এম ইলিয়াস, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি দক্ষিণ জেলার আহ্বায়ক সামশুল আলম মাস্টার, নগর জাতীয় পার্টির সদস্য সচিব এয়াকুব হোসেন, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. নুরুচ্ছাফা সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook