স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট। বিপিএলে ছিলেন দুবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কোচ হিসেবেও। বাংলাদেশ ছেড়ে চলে গেলেও নিয়মিত খোঁজ খবর রেখেছেন সাবেক শিষ্যদের, গড়তে চেয়েছিলেন পেস বোলিং ফাউন্ডেশন। কিন্তু সম্প্রতি স্পনসররা মুখ ফিরিয়ে নেয়ায় ও আইডিয়া চুরির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফেসবুক স্ট্যাটাসে। এবার জানিয়ে দিলেন বাংলাদেশকে নিয়ে দেখা সব স্বপ্নের অপমৃত্যুর কথা! এক ফেসবুক স্ট্যাটাসে পন্ট লিখেছেন, ‘অসাধারণ একটা দেশ, বাংলাদেশে থাকাকালীন বাংলাদেশী ভক্তদের কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা আমি পেয়েছি, তার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই। জাতীয় দলের বোলিং কোচ হয়ে ৬ মাস ও বিপিএলে দুবারের চ্যাম্পিয়ন দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে পেরে আমি ধন্য। এখন সময় হয়েছে আপনাদের সবাইকে বিদায় বলার!’ ‘ফাস্ট বোলিং ফাউন্ডেশন গড়ে তোলার যে চেষ্টা আমি করছিলাম, তা থেকে সরে আসারও সময় হয়েছে। কারণ এতে নানা ধরনের রাজনীতির মারপ্যাচ ও প্রতিবন্ধকতা আছে। আমি নিশ্চিৎ যে বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে আর আমি দূর থেকেই তা দেখে যাবো। তাই সব ভক্তদের ও যারা আমাকে ঘৃণা করে তাদেরকেও ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’
সূত্র : প্রিয়.কম
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook