রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান মকমদ আলীকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। গত ৯ আগষ্ট স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সহকারী সিনিয়র সচিব শরিফা আহমদ স্বাক্ষরিত (স্মারক-৮০৯) এ বরখাস্তের আদেশ প্রদান করেন ।
জানা যায়, চেয়ারম্যান মকমদ আলী বিনা অনুমতিতে বিদেশ গমন ও অসুস্থতার কারণ দেখিয়ে ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে দীর্ঘ এক বছর পরিষদে অনুপস্থিত থাকায় চেয়ারম্যান পদ থেকে তাকে বরখাস্ত করা হয়। আদেশে ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে গেজেট জারির নির্দেশ প্রদান করা হয় বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
এদিকে হাইকোর্টের রিট পিটিশনের ভিত্তিতে বিচারপতি নাঈমা হায়দারের ডিভিশনের বেঞ্চ গত ১৮ আগষ্ট বরখাস্তের আদেশটি স্থগিত করেছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান মকমদ আলী। তিনি জানান, আদেশের কপি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান বলেন, গত ১৮ আগষ্ট এ সংক্রান্ত আদেশ পেয়েছি। তবে ইউনিয়নটি এখন নবগঠিত ওসমানীনগর উপজেলাধীন থাকায় আমরা কোন আদেশ জারি করতে পারছিনা। হাইকোর্টের স্থগিতাদেশ সংক্রান্ত কোন কাগজ পাইনি।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook