0

940b86dfafca88ad59bb54c730cddece-PANCHAGARH--NEW-BANGLADESH-02রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  পঞ্চগড়ের সাবেক গারাতি ছিটমহলে আজকের ভোর মেঘে ঢাকা। কিন্তু আলোর অভাব নেই। মানুষের মন আজ আলোয় ভরা। সকালে তাঁরা উড়িয়েছে বাংলাদেশের পতাকা। বুক ফুলিয়ে বলেছে, ‘আমরা বাংলাদেশি’। গেয়েছে, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।  সারা রাত জেগেছে সাবেক ছিটমহল গারাতির মানুষ। আনন্দ করেছে। মোমবাতি জ্বেলেছে। উৎসবের রেশ কাটতে না কাটতেই ভোরে আবার চোখ মুছতে মুছতে এসেছে গারাতি ফোরকানিয়া মাদ্রাসা মাঠে। নারীরা এসেছেন। মায়ের কোলে বা বাবার পিঠে চড়ে এসেছে শিশুরা। ধীর পায়ে এসেছেন বয়স্ক মানুষেরা। তরুণ-তরুণী জড়ো হয়েছেন আগেই। সবার চোখেমুখে প্রশান্তি। সবাই মিলে উড়িয়েছেন লাল-সবুজে ভরা জাতীয় পতাকা।  বলিনাছ খান গতকালও ছিলেন ছিটমহলবাসী। এখন তিনি গর্বিত বাংলাদেশি। বললেন, ‘বুঝ হওয়ার পর থেকে কত লোককে বিনা চিকিৎসায় মরে যাবা দেখিনু। এলা হামার হাসপাতাল দরকার।’  বৃদ্ধ আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘মনের আশা পূরণ হইছে মোর। এলা মোর জমি যায়গার কাগজপত্র ঠিক করে দিবা হবে। নাতি নাতনিলা যাতে হামার মতো কষ্ট না পায়।’  পতাকা ওড়ানোর পর নতুন বাংলাদেশিদের অভিবাদন জানিয়ে পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহ্‌মদ বলেন, ‘আপনারা এখন আমাদের ভাই। আমাদের জাতীয়তা এখন বাংলাদেশি। ৬৮ বছর নয়, সেই ব্রিটিশ আমল থেকে ২৫০ বছর ধরে আপনারা বঞ্চিত। আমরা আপনাদের পাশে আছি। আইনশৃঙ্খলাজনিত যেকোনো সমস্যার কথা আমাদের জানাবেন। আমরা সমাধানের উদ্যোগ নেব।’  নতুন বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তায় পঞ্চগড়ের সংযুক্ত নতুন ভূখণ্ডগুলোতে তিনটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।  ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামছুল আজম বলেন, ‘আপনাদের উন্নয়নে সরকার ২০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। খুব অল্প সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হবে। নতুন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র সবকিছুই হবে। আপনাদের দুঃখকষ্টে আমরা আছি’।  এ সময় মাঠের সবাই আনন্দে মেতে ওঠেন।  মাদ্রাসা মাঠে পতাকা ওড়ানোর সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামছুল আজম, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহ্‌মদ, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মন্তাজেরী, সদর থানা পুলিশ কর্মকর্তা মমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল প্রমুখ।  পরে গারাতিতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিক্ষাকেন্দ্র উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।  এ সময় স্বাগত বক্তব্যে ছিটমহল আন্দোলনের নেতা মফিজার রহমান বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।  বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তির পর গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে থাকা ১৬২টি ছিটমহল। ভারতের ভেতর ৫১টি বাংলাদেশি ছিটমহল ও বাংলাদেশের ভেতর ১১১টি ভারতীয় ছিটমহল বিনিময় হওয়ার ফলে বাংলাদেশের ভেতর থাকা ছিটমহলবাসীরা পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব, আর ভারতের ভেতর থাকা ছিটমহলবাসীরা পেলেন ভারতের নাগরিকত্ব।  আরও জানতে পড়ুন


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top