0

bnp_6465রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে অবশেষে মুখ খুললো ২০ দলীয় জোটের নেতৃত্বে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যুদ্ধাপরাধীদের রায় ঘোষনায় একদম নিশ্চুপ থাকার পর গতকাল (বুধবার) বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায়ে মৃত্যুদন্ড বহাল থাকায় তাদের প্রতিক্রিয়া জানায় দলটি।  এর আগে বিশ দলের অন্যতম শরীক দল জামায়াতের দুই নেতা আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামানের মৃত্যুদন্ড কার্যকর হলেও জোটটির নেতৃত্বে থাকা বিএনপির পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি, কিন্তু গতকাল দলটির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল বিভাগের চূড়ান্ত রায়ে ফাঁসি বহাল থাকায় বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন প্রতিক্রিয়া জানান।  প্রতিক্রিয়ায় বিএনপি- সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল থাকায় ‘বিস্মিত ও বেদনাহত’ হয়েছে বলে জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ‘রাজনৈতিক প্রতিহিংসার’ শিকার হয়েছেন। সাকা চৌধুরীকে অন্যায় ভাবে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছে বিএনপি। সাকা চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারে আইনি স্বচ্ছতার অভাব ও নানা ক্রুটি বিচ্যুতি রয়েছে বলেও দাবি করেছে দলটি।  এদিকে এর আগে জামায়াতের কয়েকজন নেতার মামলার আপিল নিষ্পত্তি হয় এবং এর মধ্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং অপর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদন্ড কার্যকর হলেও কোন প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। এছাড়াও আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদী ও আপীল বিভাগে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহাসান মুহাম্মদ মুজাহিদের রায়ের পরও কোন প্রতিক্রিয়া দেয়া থেকে বিরত ছিল বিএনপি।  অপরদিকে মানবতাবিরোধী অপরাধের প্রত্যেকটি রায় ঘোষনার পর আওয়ামীলীগের পক্ষ থেকে রায়কে ঐতিহাসিক এবং এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে প্রতিক্রিয়া জানানো হয়ে থাকে। এরই ধারাবাহিকতায়ই গতকাল সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় ঘোষনার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এটি একটি ঐতিহাসিক রায়। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশবাসী দীর্ঘকাল এ রায়ের জন্য অপেক্ষা করেছিল।’



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top