স্পোর্টর্স ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদে লড়বেন মিশেল প্লাতিনি, যিনি বর্তমানে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। মে মাসে ফিফা কংগ্রেসে সেপ ব্লাটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা বললেও শেষ পর্যন্ত প্লাতিনি নির্বাচনে অংশ নেননি। তবে ওই নির্বাচনের পরই সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্লাটার। সে অনুযায়ী ২৬ ফেব্র“য়ারি বিশেষ কংগ্রেসে নির্বাচিত হবে নতুন সভাপতি। ওই নির্বাচনে ব্লাটার প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সুইজারল্যান্ডের ৭৯ বছর বয়সী ব্লাটার ১৯৯৮ সাল থেকে ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফিফার আসন্ন ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্লাতিনি। ৬০ বছর বয়সী এই ফরাসী এরই মধ্যে ৪টি মহাদেশীয় কনফেডারেশনের সমর্থন লাভ করেছেন। এখন সংস্থাটির ২০৯ সদস্য দেশ ও জাতির কাছে তিনি সমর্থন চেয়েছেন। ফ্রান্সের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলার বলেছেন, ‘আমি নিজের ভবিষ্যতের পাশাপাশি ফুটবলের ভবিষ্যতের সঙ্গেও থাকতে চাই।’ ফিফার সভাপতি হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘শেষ অর্ধশতকে ফিফা মাত্র দুজন সভাপতি পেয়েছে, যা এক ধরনের স্থবিরতা তৈরি করেছে। ফুটবলে গতিশীলতা আনয়ন ও প্রয়োজনীয় অর্থনৈতিক পরিবর্তন আনয়নে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। ফুটবলের সর্বোচ্চ সংস্থার সাম্প্রতিক কার্যক্রম প্রমাণ করে প্রশাসনিক ব্যবস্থায় নতুনত্ব আনয়ন প্রয়োজন। ফুটবলের সংহতির স্বার্থে আমি আপনাদের সমর্থন চাই।’ প্লাতিনির নেতৃত্বে ফ্রান্স বিশ্বকাপের দুটি সেমিফাইনাল খেলেছে। জিতেছে ১৯৮৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপাও। ২০০৭ সাল থেকে উয়েফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook