স্পোর্টস রিপোর্টার : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ১৬১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে বাংলাদেশ শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। দক্ষিণ আফ্রিকার আক্রমণে নেতৃত্ব দেন অভিষিক্ত কাগিসা রাবাদা। তার হ্যাটট্রিকসহ রেকর্ড গড়া ৬ উইকেটের সুবাদে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে প্রথম আঘাত হানেন রাবাদা। ১৩ বলে ০ রান করে রাবাদার বলে বোল্ড হয়ে দলকে বিপদে ফেলে ফিরে যান তামিম ইকবাল। পরের বলেই লিটনকে ফিরিয়ে দেন রাবাদা। বেহারদিয়ানের তালুবন্দি হয়ে ফিরে যান লিটন। চার নম্বরে নামা মাহমুদুল্লাহও পারেননি নিজের নামের প্রতি সুবিচার করতে। ইনজুরি থেকে ফিরে প্রথম বলই মোকাবেলা করতে পারলেন না রিয়াদ। রিয়াদকে এলবিডব্লিউয়ের এর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করে নিজের অভিষেককে স্মরণীয় করে রাখলেন রাবাদা। নিজেদের ইনিংস যখন গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন দুই বাহাতি সৌম্য সরকার এবং সাকিব, তখনই আবারো আঘাত হানেন ২০ বছরের এই তরুণ। এবার শিকার করলেন সৌম্য সরকারের উইকেট। ৮ম ওভারে ডুমিনির হাতে ধরা পড়ে ফিরে যান সৌম্য সরকার। দলীয় ৪০ রানের মাথায় ২৭ বলে ২৭ রান করে ফিরে যান সৌম্য। এরপর নিজেদের ইনিংস মেরামতের চেষ্টা চালাতে থাকেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। তবে খুব বেশি দূর এগুতে পারেননি তারা। দলীয় ৯৩ রানের মাথায় ডুমিনির শিকারে পরিণত হন মুশফিক। ৩৮ বলে ২৪ রান করে ইমরান তাহিরের হাতে ধরা পড়েন মি. ডিপেন্ডেবল। বাংলাদেশের ইনিংস আর খুব বেশি দূর এগুতে পারেনি। সাকিবের ৪৮ আর নাসির হোসেনের ৩১ রানের কল্যাণে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান। মাশরাফি এবং জুবায়েরের উইকেট দুটি নিয়ে অভিষেকেই রেকর্ড বইয়ে নাম লেখান কাগিসা রাবাদা। ৮ ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে তুলে নেন ৬ উইকেট। যেটা অভিষেকে সেরা বোলিং ফিগার এবং দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগার। এছাড়া ক্রিস মরিস ২টি এবং ইমরান তাহির ও জে পি ডুমিনি নেন ১টি করে উইকেট। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ৪০ ওভারে ১৬১ রান। এই ম্যাচে স্বাগতিকদের ম্যাচে ফিরতে হলে বোলারদের কাছ থেকে অসাধারণ কিছু বের করে আনতেই হবে। তা না হলে টি-২০ সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও নিজেদের আধিপাত্য অক্ষন্ন রেখে এগিয়ে যাবে প্রোটিয়ারা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook