0

rajBG_703437555রিপোর্টার্স বিডি ডট কম :  বাংলাদেশের জনগণের মতো শিশু সামিউল আলম রাজনের নৃশংস হত্যাকাণ্ডে সেভ দ্য চিলড্রেনও স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত বলে রোববার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক শিশু বিষয়ক সংস্থাটি। এছাড়া বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং এর স্থায়ী সমাধান নিয়ে আলোচনার জন্য রোববার ‘সেভ দ্য চিলড্রেন’ এর কান্ট্রি ডিরেক্টর মি. মাইকেল ম্যাকগ্রা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে তাঁর অফিসে দেখা করেন বলেও জানানো হয় ওই প্রেসবিজ্ঞপ্তিতে। সাক্ষাতকালে রাজনের পিতামাতাকে তাদের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেয়ার জন্য মি. ম্যাকগ্রা মন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি রাজনের হত্যাকাণ্ডের পর স্থানীয় পুলিশের গাফিলতির অভিযোগ তদন্তসহ দোষীদের বিচারের আওতায় আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সরকারকেও ধন্যবাদ জানান তিনি। এ সময় মি. ম্যাকগ্রা বলেন, রাজন যে ধরনের চরম সহিংসতার শিকার হয়েছে তা বাংলাদেশব্যাপী শিশুরা যেভাবে প্রতিদিন সহিংসতার শিকার হয় তা বন্ধে জনসমাজ, স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও পুলিশের ব্যর্থতারই ফল। শিশুদের প্রতি সহিংসতার ব্যাপারে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি যেন স্পষ্টভাবে প্রচারিত হয় সে ব্যাপারে সুপারিশ করেন তিনি। এছাড়া ইন্দোনেশিয়ার মত দেশের প্রতিটি থানায় যেন একজন করে বিশেষ ‘নারী ও শিশু বিষয়ক’ পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয় তার সুপারিশও করেন তিনি। বাংলাদেশের আইন প্রয়োগকারীদের মধ্যে শিশু সুরক্ষা বিষয়ে সংবেদনশীলতা বাড়ানোর জন্য মি. ম্যাকগ্রা কারিগরি সহায়তারও প্রস্তাব দেন। তিনি জানান, চীনের সাংহাই পুলিশ বাহিনীসহ বিশ্বের নানান দেশের আইন প্রয়োগকারীদের শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষণে সেভ দ্য চিলড্রেনের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী একমত প্রকাশ করেন যে, প্রকৃতপক্ষেই এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে এবং তিনি আশ্বাস দেন যে সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহায়তার প্রস্তাব তিনি বিবেচনা করবেন। সবশেষে শিশুদের বিরুদ্ধে সহিংসতার স্থায়ী প্রতিরোধে কয়েকটি পদক্ষেপের সুপারিশ করে সেভ দ্য চিলড্রেন-এর কান্ট্রি ডিরেক্টর স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারকলিপি দেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top