রিপোর্টার্স বিডি ডট কম : রাজনীতি থেকে খালেদা জিয়ার বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘চলমান রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার বিদায় ঘণ্টা বেজে গেছে। অচিরেই তাকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে। তিনি পলিটিক্যাল একোমোডিশন ও পলিটিক্যাল কনসালটেশন চান না। পলিটিক্যাল অ্যাকোমোডিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বলেই তিনি মন্ত্রিসভায় বিরোধী দলকে রেখেছেন। তাই দেশকে উচ্চতায় নিয়ে যেতে হলে পলিটিক্যাল একোমোডিশন দরকার। কিন্তু খালেদা জিয়ার তা নেই। তার আছে পলিটিক্যাল ডিনাই। বিএনপিতে ভাঙ্গন প্রক্রিয়া শুরু হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। সেখানে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত দলে ভাঙ্গণ প্রক্রিয়া শুরু হয়েছে। হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া শীর্ষ নেতাদের ওপর ক্ষোভ ঝেড়ে বলেছেন, আপনারা জিয়ার আদর্শে নেই। আপনারা শেখ হাসিনার আদর্শে চলে গেছেন। যান শেখ হাসিনার মন্ত্রিসভায় যোগ দেন। এতেই প্রমাণ হয়, নেতাদের প্রতি খালেদা জিয়ার আস্থা নেই। আর নেতাদেরও খালেদা জিয়ার প্রতি আস্থা নেই। এখন শুধু তৃণমূলেই নয়, শীর্ষ নেতাদের ওপরও খালেদা জিয়ার আস্থা নেই। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সন্তান-সন্তুতি মানুষ করার ক্ষেত্রে ব্যর্থ। রাজনীতিতে ব্যর্থ। আন্দোলনেও ব্যর্থ। শুধু ষড়যন্ত্রে পটু। সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook