0

is (3)রিপোর্টার্স বিডি ডট কম :  রাজধানীতে বেওয়ারিশ কুকুর পিটিয়ে আটক হয়েছেন তিন যুবক। গতকাল রাজধানীর রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের বিরুদ্ধে জীবজন্তুর ওপর নিষ্ঠুর আচরণের অভিযোগে রামপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে জীবজন্তুর ওপর নিষ্ঠুর আচরণের জন্য শাস্তির উদাহরণ থাকলেও বাংলাদেশে এটিই প্রথম আটকের ঘটনা বলে দাবি করছে প্রাণী সুরক্ষায় সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসা সংগঠন অভয়ারণ্য। রামপুরা থানার এসআই জসিম জানান, ওই সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার প্রথম দফায় বেলা ২টার দিকে শোভন ও ইমরান নামে দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের কথামতো গত রাতে জনি নামে আরো এক যুবককে আটক করা হয়েছে।  পুলিশ কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে জীবজন্তুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে ১৯২০ সালের ৪ ধারায় মামলা হয়েছে। এ বিষয়ে অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা রুবাইয়া আহমেদ সাংবাদিকদের জানান, কয়েক সপ্তাহ আগে ফেসবুকের একটি পোস্ট থেকে ওই কুকুরকে মারধরের বিষয়টি আমরা জানতে পারি। রামপুরায় কয়েকটি ছেলে একটি কুকুরকে নিষ্ঠুরভাবে পিটিয়েছে। সেই কুকুরটির অবস্থা খুবই খারাপ ছিল। আমরা চিকিৎসা দিয়ে কুকুরটিকে সুস্থ করে তুলি। এ ঘটনায় প্রাণী সুরক্ষা আইনে তারা একটি মামলা করেছিলেন বলেও জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনায় মামলা নেয়ার তেমন নজির দেখা যায় না। তবে বিভিন্নভাবে চাপ দেয়ার পর পুলিশ আমাদের মামলাটি নিতে রাজি হয়। তিনি বলেন, আমরা চাই এদের শাস্তি হোক যেন সমাজে দৃষ্টান্ত স্থাপিত হয় যে কেউ চাইলেই প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করতে না পারে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top