0

index_90112রিপোর্টার্স বিডি ডট কম :  ছাত্রদল সভাপতি রাজীব আহসানের মুক্তির দাবি করেছেন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছাত্রলীগের সাবেক তিন সভাপতি।  মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা।  বিবৃতিতে তারা আরও বলেন, ‘কোন স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসক বেশী দিন জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। এটাই ইতিহাসের চরম শিক্ষা।’  বিবৃতি দাতারা হলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী, হাবিবুর রহমান হাবীব ও মো. ফজলুর রহমান।  তারা বলেন, ‘বর্তমান ভোটারবিহীন, জুলুমবাজ ও অত্যাচারী আওয়ামী লীগ সরকারও টিকতে পারবে না। তাই সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই এবং ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ সকল রাজনেতিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানাচ্ছি।’  ‘রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হননের সর্বনাশা পথ থেকে সরে আসার আহবান জানাচ্ছি। একইসাথে সরকার ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এমন কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি,’ বিবৃতিতে বলা হয়।  ছাত্রলীগের সাবেক এই তিন নেতা বলেন, ‘আজ চর দখলের মতো ক্যাম্পাস ও আবাসিক হলগুলো দখল করে রাখা হয়েছে। বিরোধী আদর্শে বিশ্বাসী সংগঠনগুলো ক্যাম্পাস থেকে বিতাড়িত। আবাসিক হলগুলো অছাত্র, বহিরাগত ও অস্ত্রধারী মাস্তানদের অভয়ারণ্য। দলীয় আর্দশের শিক্ষকদের বসানো হয়েছে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও অধ্যক্ষসহ অন্যান্য পদে। বিশ্বজিৎদের মত তরুণরা খুন হচ্ছে মুজিববাদী ছাত্রলীগ ক্যাডারদের হাতে।’  দলীয় পুলিশ রাজিবের মতো একজন মেধাবী, পরিছন্ন ও তরুণ নেতৃত্বকে বিতর্কিত করার জন্য গ্রেফতারের দুই ঘন্টার পর মাদক ও ইয়াবার তথ্য মিডিয়াকে জানায়। আমরা মনে করি এটি সম্পূর্ণ ষড়যন্ত্র ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। আগামী দিনে জাতিকে দক্ষ নেতৃত্ব ও মেধাশূন্য করার নীল নকশা মাত্র।  এছাড়া, ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের জন্য তার বাড়িতে তল্লাশীর নামে পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা হয়েছে। আমরা এই অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  সাবেক ছাত্রনেতাদের দাবি, ‘আমরা মনে করি ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেফতার শুধু বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন নয়, বরং মাদক ও ইয়াবা দিয়ে গ্রেফতার দেখিয়ে ছাত্র রাজনীতি ও ছাত্র নেতৃত্ব সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টির অপকৌশল। যাতে গণধিকৃত ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কোন কার্যকর ছাত্র আন্দোলন গড়ে উঠতে না পারে। আমরা ঘটনার সাথে জড়িত পুলিশের ন্যাক্কারজনক ভূমিকার নিন্দা এবং শাস্তির দাবি জানাই।’



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top