0

unnamed (2) রিপোর্টার্স বিডি ডট কম :  সিলেট দক্ষিন সুরমার মোগলাবাজার এলাকা থেকে অপহৃত সৌদী প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার শিপা (৩০) তার পুত্র শাহী আহমদ শাফিকে (৪) উদ্ধার করেছে পুলিশ। বুধবার গাজীপুরের কোনাবাড়ী থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় শিপার প্রেমিক সিএনজি অটোরিকশা চালক খালেদ আহমদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সৌদী প্রবাসী মজির উদ্দিন তালুকদারের স্ত্রী ২ সন্তানের জননী ফারজানা আক্তার শিপা ও তার পুত্র শাফিকে গত ৯ জুন সকাল সাড়ে ৮টায় মোগলাবাজার আল-ইকমা কিন্ডারগার্ডেনের সামন থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধু শিপার পিতা গোলাপগঞ্জের লক্ষনাবন্দের আব্দুল মান্নান বাদী হয়ে ১১ জুন মোগলাবাজার থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ৭। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কান্তি দাস অপহৃতদের উদ্ধারে মাঠে নামেন। মোবাইল ফোনের সূত্র ধরে চলে পুলিশের অভিযান।

এক পর্যায়ে এসআই স্বপনের নেতৃত্বে মোগলাবাজার থানার একদল পুলিশ গাজীপুর পুলিশের সহযোগিতায় বুধবার গাজীপুরের কোনাবাড়ীতে অভিযান চালায়। অভিযানকালে অপহৃত গৃহবধূ ও তার পুত্রকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা চালক খালেদ আহমদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত খালেদ মোগলাবাজার থানার কান্দিয়ারচর গ্রামের মঞ্জুর মিয়ার পুত্র।

একটি সূত্র জানিয়েছে, খালেদ ও শিপার মধ্যে বেশ কিছুদিন ধরে গভীর সম্পর্ক তৈরি হয়। গত ৯ জুন সকালে সুযোগ বুঝে সবার অজান্তে প্রেমিকের হাত ধরে গাজীপুরে পালিয়ে যায় তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কান্তি দাস বলেন, গ্রেফতারকৃত খালেদ ও উদ্ধারকৃত অপহৃত গৃহবধুকে তার পুত্রসহ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top