রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং চন্দনভাগ এলাকার তৈপুর নামক স্থানে দুপুরে সিএনজি অটোরিকশার মহিলা যাত্রীর কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তবে পুলিশ বলছে, ব্যাগে মাত্র ২৯শ পাওয়া গেছে। ছিনতাইয়ের শিকার হওয়া জেসমিন আক্তার (৩৫) গোলাপগঞ্জ উপজেলার রানাপিং শেরপুর গ্রামের হারিস উদ্দিনের স্ত্রী। আটককৃত ৪ ছিনতাইকারী হচ্ছে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন ইসমাঈল আলীর ছেলে রিফাত আহমদ (২০), চারখাই ইউনিয়নের চারখাই গ্রামের ফয়জু মিয়ার ছেলে সাহেদ আহমদ (২০), আদিনাবাদ গ্রামের আজমল হুসেনের ছেলে সায়নুল আহমদ (২০) ও গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির আমুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন (২০)। জেসমিন আক্তার জানান, জমি কেনার জন্য আড়াই লাখ টাকা তার ঘরে ছিল। জমি রেজিস্ট্রি হতে কয়েক দিন দেরী হবে এজন্য টাকা নিয়ে বুধবার দুপুরের দিকে তিনি ব্যাংকে জমাদানের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে ওই ছিনতাইকারীরা অটোরিকশা থামিয়ে ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয় জনতা আরেকটি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে আটক করে। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জনতা ছিনতাইকারীদের তাদের হাতে তুলে দেয়। এদিকে জেসমিন আক্তার টাকার ব্যাগসহ ৪ ছিনতাইকারীকে পুলিশের হাতে জনতা তুলে দিয়েছে দাবি করলেও পুলিশ বলছে ব্যাগে টাকা পাওয়া যায়নি। এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমার বলেন, টাকার ব্যাগ পাওয়া গেলেও মাত্র সাড়ে ৩ হাজার টাকা পাওয়া গেছে। তিনি বলেন, ছিনতাইকারীদের আটকের সময় জনতার সাথে ধস্তাধস্তি হয়েছে। এসময় টাকাগুলো খোয়া যেতে পারে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি জানান, সজল নামক এক ছিনতাইকারী পালিয়ে গেছে। সে টাকাগুলো নিয়ে পালিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook