রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : বিদ্যুতের দাম পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাড়াবেন, আর দাম কমলে কমাবেন না, এটা ন্যায়নীতির বিরোধী। এটা হতে পারে না। এক দেশে দুই নীতি চলতে পারে না।’ তিনি বলেন,‘দাম যদি বাড়ে তাহলে ভোক্তারা সরকারকে সহযোগিতা করবেন। আর সরকারকেও যখন-তখন দাম না বাড়িয়ে ভোক্তাদের সহযোগিতা করা উচিৎ। এটা মাথায় রেখে বিদ্যুতের দাম কিঞ্চিত হলেও কমানো উচিৎ’- মন্তব্য করেন তিনি। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন। ‘জাসদ নিয়ে এখন যে বিতর্ক চলছে তা অনভিপ্রেত, অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক’ উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, ‘জাসদের ইতিহাস আমরা জানি, আমাদের ইতিহাসও সবাই জানে। ইতিহাস জেনেই আমরা তাদের সঙ্গে জোট করেছি।’ সুরঞ্জিত বলেন, ‘জাসদ ও আওয়ামী লীগ নিয়ে যেটা ঘটছে, সেটা দলের মধ্যে ক’জন মানুষের দ্বারা। আমি আসল কথা বলে দিই, এটা আওয়ামী লীগের আগস্ট মাসের আবেগ। এটার জন্য মহাজোট ভাঙবে না। ইনু মিয়ারও কিছু হবে না। এটা আগস্টের আবেগ ছাড়া আমি কিছুই দেখছি না।’ তিনি বলেন, ‘মিডিয়া ও আমাদের দলের নেতাকর্মীদের বলব, রাবারের মতো টেনে এটাকে আর বড় করবেন না। জঙ্গীবাদবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য জাসদের সঙ্গে আমাদের এই মেলবন্ধন। কে কোথায়, কখন কী করল, তা নিয়ে ভাবলে চলবে! আমাদের সামনের দিকে এগোতে হবে।’ শেখ হাসিনাকে নিয়ে নানা রকম ষড়যন্ত্রের বিষয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তৃতা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘আশির দশকের হত্যা-ক্যুর রাজনীতি এখন আর চলে না। শেখ হাসিনা একজন অদম্য-সাহসী মহিলা, এই সমস্ত কথা কইয়া লাভ নাই। তারপরেও আমাদের মধ্যে কেউ কেউ এ ধরনের কথা বলে সিম্পাথি পেতে চায়। এতে মানুষ ভয়ও পায়। দেশ এখন স্থিতিশীল আছে। তাই এ ধরনের কথা না বলে সামনে এগোতে হবে।’ তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার কারণেই আওয়ামী লীগ সমর্থকরা বার কাউন্সিল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিএনপি হারলেও বিভিন্ন নির্বাচনে বরাবরের মতো কারচুপির অভিযোগ না করে ফলাফল মেনে নেওয়ায় বিষয়টি ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook