রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সারাদেশের পৌরসভা নির্বাচন উপলক্ষে আগামী ডিসেম্বর মাসকে ফাঁকা রাখছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে রুটিন ও জরুরি কাজগুলো ওই মাসের আগে অথবা পরে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সূত্রগুলো জানিয়েছে, ২০১১ সালের জানুয়ারিতে দেশের সব পৌরসভায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে নির্বাচিত পৌরসভার বেশিভাগই প্রথম সভা করেছিল একই বছর ফেব্রুয়ারি মাসে।
আইন অনুযায়ী, নির্বাচিত পৌরসভার মেয়াদ থাকে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত। আর নির্বাচন সম্পন্ন করতে হয় মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে। তাই আগামী নভেম্বরের শেষ থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারির মধ্যেই পৌরসভা নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, তিন দফা তাগাদা দেওয়ার পর সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন উপযোগী পৌরসভার তালিকা পাঠিয়েছে। সে মোতাবেক ২৪৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। আর এ জন্য ডিসেম্বর মাসকে অন্য কাজ থেকে আলাদা করে রাখা হচ্ছে। এক্ষেত্রে চলতি কাজগুলোর একটা অংশ ডিসেম্বরের আগে এবং অবশিষ্ট অংশ ডিসেম্বরের পরে সম্পন্ন করার সিদ্ধান্ত দিয়েছে ইসি।
কমিশনের এ নির্দেশনার পর চলমান ভোটার তালিকা হালানাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজও ডিসেম্বরে বন্ধ রাখা হবে। তবে পৌরসভার বাইরের এলাকায় তথ্য সংগ্রহ চলবে।
এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে মঙ্গলবার একটি নির্দেশনা পাঠানো হয়েছে। ইসির সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন পৌরসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালানাগাদ কার্যক্রমের তফসিল সংশোধন করতে হবে। এক্ষেত্রে নির্বাচন উপযোগী ২৪৫টি পৌরসভায় ভোটার তালিকা হালানাগাদ কার্যক্রমের দ্বিতীয়স্তরের প্রথম পর্যায়ের নিবন্ধন কার্যক্রম, আগামী ২৫ নভেম্বরের আগে এবং ৩১ ডিসেম্বরের পর সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে ইসির উপ-সচিব সামসুল আলম বাংলানিউজকে বলেন, পৌরসভা নির্বাচনের লক্ষে ডিসেম্বরে অন্য কাজ হাতে রাখা হচ্ছে না। তবে ওই সময়েই যে নির্বাচন হবে এমন কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, পৌরসভা নির্বাচনের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে নির্বাচনী ম্যানুয়েল, নির্দেশনাসহ বিভিন্ন উপকরণ প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। খুব শিগগিরই ভোটার তালিকা ও নির্বাচন কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের কাজে হাত দেওয়া হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook