0
download

প্রতিকী ছবি

রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কিশোরগঞ্জের ভৈরবের গুদাম থেকে সার লোপাটের ঘটনার সত্যতা পেয়েছে সংসদীয় তদন্ত কমিটি। কমিটি চাঞ্চল্যকর ও আলোচিত এই ঘটনার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়ি করেছে। তাদের কাছ থেকে লোপাট হওয়া সারের মূল্যের সমপরিমাণ অর্থ আদায়ের সুপারিশ করেছে সংসদীয় তদন্ত কমিটি। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সরকারি গুদাম থেকে সার লোপাটের ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ড. মো. আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. নুরুল ইসলাম ওমর ও উম্মে কুলসুম স্মৃতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বিএডিসি’র গুদাম থেকে সার উধাও-এর ঘটনা তদন্তে গঠিত সাব কমিটির প্রতিবেদন উত্থাপন করা হয়। প্রতিবেদনে সার লোপাটের ঘটনায় সরকারি কর্মকর্তাদের দায়ি করা হয়। দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় দীর্ঘ দিন ধরে সরকারি গুদাম থেকে সার পাচার চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তারা তদন্ত কমিটির প্রস্তাব অনুযায়ী দায়ি কর্মকর্তাদের কাছ থেকে ক্ষতিপুরণের অর্থ আদায়ের সুপারিশ করেন। এছাড়া এ ধরনের ঘটনা এড়াতে ও বিএডিসি’র উন্নয়নে জেলা সার মনিটরিং কমিটি ও উপজেলা সার মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার, বিএনডিসিতে জরুরি ভিত্তিতে জনবল সংকট নিরসন, জেলা উপজেলায় দেশের সর্বত্র বিএডিসি’র সব দপ্তরে সার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তিন বছর অধিক হলে বদলির ব্যবস্থা করাসহ নানাবিধ সুপারিশ করা হয়। এসব সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারি গুদাম থেকে সার লোপাটের ঘটনা নিয়ে এর আগে একাধিক বৈঠকে আলোচনা হয়েছে। গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নিয়ে মন্ত্রণালয় ও বিএডিসি কর্মকর্তাদের তীব্র ভৎর্সনা করেন কমিটির সদস্যরা। এরপর ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কমিটির সদস্য আব্দুল মান্নানকে আহ্বায়ক এবং নজরুল ইসলাম বাবু ও মো. নুরুল ইসলাম ওমরকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়। সরেজমিনে তদন্ত করে এক মাসের সাব কমিটির প্রতিবেদন দেয়ার কথা থাকলেও দীর্ঘ ৮ মাস পর প্রতিবেদন জমা দিয়েছে তারা। এর আগে ভৈরবে বিএডিসির গুদাম থেকে বিপুল পরিমাণ সার গায়েব হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে ব্যাপক তোলপাড় হয়। ঘটনা জানাজানি হওয়ায় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএডিসির দুই কর্মচারী ভারপ্রাপ্ত সহকারী পরিচালক রেজাউল করিম ও গুদাম রক্ষক খুরশেদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে ভৈরব থানায় মামলাও করা হয়।-বাংলামেইল


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top