0

images_91217রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  রাজনীতির মাঠে আওয়ামী লীগের প্রতিপক্ষ দুর্বল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ দুর্বল হয়ে গেছে। প্রতিপক্ষ দুর্বল হলে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। প্রতিপক্ষকে দুর্বল মনে করে আমরা যদি নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করি তাহলে আমাদের সামনে বিপদ আসবে।’  বুধবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।  মোহাম্মদ নাসিম বলেন, ‘১৫ আগস্টের আগে এমনটাই হয়েছিল। তখন আমরা নিজেরা যুদ্ধ করেছিলাম বলেই মোস্তাকের মতো বেঈমান বিশ্বাসঘাতকতা করার সুযোগ পেয়েছিল। মোস্তাক আমাদের মধ্যেই ছিল।  সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘শেখ হাসিনা যে যুদ্ধ শুরু করেছে। সেই যুদ্ধে শেখ হাসিনার পিছনে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই মনে রাখতে হবে। আমরা এমন কোনো কাজ করবো না যাতে সরকারের দুর্নাম হয়, শেখ হাসিনার দুর্নাম হয়।’  স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য পরিষ্কার। এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিধা-দ্বন্দ্ব নেই। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। আমরা চাই সেই নির্বাচনে বিএনপিসহ সকল দল আসুক। প্রতিদ্বন্দ্বিতা করুক। আমরা শেখ হাসিনার অর্জন নিয়ে জনগণের কাছে যাব।’  তিনি বলেন, ‘রাজনীতি করতে হয়, তাহলে খালেদার নির্বাচনে আসা ছাড়া কোনো বিকল্প নেই। যে যত কথা বলুক। যত দাবিই তুলুক। হুমকি দিক কোনো লাভ হবে না।’  সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।  সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top