রিপোর্টার্স বিডি ডট কম : দল পুনর্গঠন করে বিএনপি আবার শান্তিপূর্ণ আন্দোলনে নামবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদ শুভেচ্ছাবিনিময় শেষে তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলীয় নেতা-কর্মী, রাজনীতিক, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা দল পুনর্গঠনের কাজ করছেন। পুনর্গঠন শেষে বিএনপি আবার আন্দোলনে যাবে। সে আন্দোলন হবে শান্তিপূর্ণ। বিএনপি জ্বালাও-পোড়াওয়ে বিশ্বাস করে না। যারা জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত, তাদের শাস্তি দাবি করেন তিনি।
খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বিভিন্ন এজেন্সি দিয়ে সংবাদ মাধ্যমে প্রচার করছে যে বিএনপি ভেঙে যাচ্ছে, আসলে তা ঠিক নয়।
৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর আন্দোলন ‘ব্যর্থ’ হওয়ার পর দল গুছিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়া। দল পুনর্গঠন শেষ না করেই চলতি বছরের ৫ জানুয়ারি লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি। টানা তিনমাস অবরোধ-হরতাল চলাকালে পেট্রলবোমা ও নাশকতায় শতাধিক মানুষ প্রাণ হারায়। নাশকতার জন্য সরকার ও বিএনপি পরস্পরকে দায়ী করে আসছে। অবরোধের তিনমাসের মাথায় সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওই কর্মসূচি থেকে কার্যত সরে আসে বিএনপি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দলটির পক্ষ থেকে আসেনি।
বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে খালেদা জিয়া বলেন, দল থাকবে, কিন্তু সম্পর্ক থাকবে না—তা হতে পারে না।
খালেদা জিয়া অভিযোগ করেন, যাঁদের নিরাপত্তা দেওয়ার কথা, তাঁরা জনগণকে জিম্মি করছেন। তিনি বলেন, মানুষ এখন অসহায়। প্রতিনিয়ত চাঁদাবাজি, খুন-গুম, ছিনতাই চলছে। যারা জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, তারা নিরাপত্তা দেওয়া তো দূরের কথা—জনগণকে জিম্মি করে ফেলেছে। জনগণকে নিরাপত্তার নাম করে ধরে নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে কাউকে জেলে যেতে হয়, না হলে মৃত্যুবরণ করতে হয়।
সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এখন প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ দলীয়করণের শিকার। এতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।
ক্ষমতাসীন ব্যক্তিদের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, সরকার কোনো কাজ করেনি। এর ফলে হাইওয়েগুলোতে দুরবস্থা। রাস্তাঘাট খারাপ হওয়ায় গাড়ি দ্রুত বেগে যেতে পারছে না। যানজট তৈরি হচ্ছে।
বিএনপির চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত তাঁর দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছাবিনিময় শেষে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, পরে খালেদা জিয়া বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে কোকোর দুই মেয়ে ছিল।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook