বিনোদন ডেস্ক :: সেলফি আর যোগা দিয়ে মাতিয়ে রাখাটা ভাল সরকারের কাজ নয়। বরং নাগরিকদের নিরাপদে রাখাটাই তাদের দায়িত্ব। এ হেন বোমা টুইটারে ফাটালেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সরাসরি তাঁর তোপের মুখে বিজেপি সরকার। টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বইবাসীর হয়ে এমন ‘সোজাসাপ্টা’ মন্তব্য করে আপাতত ইন্ডাস্ট্রিতে কোণঠাসা নেহা নিজেই।
টানা ব়ৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। রাস্তায় জল জমে থাকায় শ্লথ গতিতে এগোচ্ছে গাড়ি। কোথাও কোথাও গাড়ি যাওয়ার অবস্থাও নেই। এমন একটা সময়ে নাগরিকদের পাশে থাকার কথা সরকারের। অথচ সে ব্যাপারে যেন তাদের কোনও উদ্যোগই নেই। অথচ কিছু দিন আগেই ‘যোগ দিবস’-এ দিল্লির রাজপথে নরেন্দ্র মোদীর সঙ্গে সামিল হয়েছিলেন বলিউডি তারকারা। বিভিন্ন অনুষ্ঠানেও সেলফি তুলে সোশাল মিডিয়ায় তা পোস্ট করাও টেক-স্যাভি প্রধানমন্ত্রীর রোজনামচা। আর এতেই বেজায় চটেছেন নেহা। তাঁর দাবি, সাধারণ মানুষের অসুবিধার দিকে নজর দিচ্ছে না সরকার। বরং সেলফি তোলা বা যোগ দিবস পালনের মতো আপাততুচ্ছ বিষয়ে তাঁদের আগ্রহ।
নেহার সেই টুইট। ছবি: টুইটারের সৌজন্যে।
টুইটারে তিনি লিখেছেন, ‘বৃষ্টিতে থমকে আছে শহর। ভাল সরকার মানে সেলফি তোলা আর সকলকে যোগা করতে উত্সাহিত করা নয়, বরং সাধারণ মানুষকে নিরাপদ রাখাই তাদের কাজ।’ তবে ‘সোজাসাপ্টা’ মন্তব্যের জেরে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা নেহা নিজেই। অশ্লীল ভাবে তাঁর টুইটারে জবাব আসছে স্রোতের মতো। তাঁর নামে ‘বেশ্যাবৃত্তি’র কুত্সাও রটানো হচ্ছে। কেউ বলছেন কেরিয়ারে ভাঁটা চলছে, তাই এভাবে ফের লাইমলাইটে আসতে চান তিনি। কেউ নেহাকে ‘স্টুপিড’ বলে কটাক্ষ করেছেন। আবার নায়িকার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। কেউ টুইটারে লিখেছেন, ‘নেহা খুশি থাক। তোমার টুইট ওরা দেখেছে।’ কেউ বলেছেন, ‘নেহার ওপর আক্রমণ দেখে প্রমাণ হয়ে গেল বিজেপি সমর্থকরা অভদ্র, নারীবিদ্বেষী। ঠিক তাঁদের নেতাদের মতোই।’
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook