0

SSMC20150712194624রিপোর্টার্স বিডি ডট কম :  রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে ‘রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা কেন্দ্র’ এর রোল মডেল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিট (এইচইইউ) শাখার অর্থায়নে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট (কিউআইএস) এর অধীনে গত ১ জুন থেকে হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নের কাজ শুরু হয়েছে।  হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে রোগীকেন্দ্রিক চিকিৎসা সেবা ও রোগীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে।  সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া রোববার জাগো নিউজকে জানান, ইতিমধ্যেই চিকিৎসা সেবার মানোন্নয়নে বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ, প্যাথলজিসহ বিভিন্ন বিভাগের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ৪৫টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে সাতজন করে সদস্য রাখা হয়েছে।  তিনি জানান, প্রাথমিকভাবে হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। কারণ হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় অনেক ভালো কাজও চোখে পড়ে না। এছাড়া রোগীদের সঙ্গে ভালো ব্যবহার ও চিকিৎসা সেবার মানোন্নয়নে মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।  খোঁজ নিয়ে জানা গেছে, মানসম্মত সেবা প্রদানের জাতীয় কৌশলের আওতায় হাসপাতালের রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চলতি বছরের জানুয়ারিতে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট গঠিত হয়। সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য এইচইইউ’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আসাদুল ইসলামকে সভাপতি ও উপ-পরিচালক ও সমন্বয়ক ও ফোকাল পারসন (কিউআইএস) ডা. মো. আমিনুল হাসানকে সদস্যসচিব করে ১১ সদস্যের ন্যাশনাল কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটি গঠিত হয়।  পদাধিকার বলে কমিটির সদস্যরা হলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা), পরিচালক, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা (পিএইচসি), পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক), পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (মাদার অ্যান্ড চাইন্ড হেলথ), বিএমএ সভাপতি/মহাসচিব, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) সভাপতি, পরিচালক, নিপসম, মহাপরিচালক ওষুধ প্রশাসন অধিদফতর ও নার্সিং ইনস্টিটিউটের পরিচালক।  কিউআইএস সমন্বয়ক ও ফোকাল পারসন ডা. মো. আমিনুল হাসান  জানান, জাতীয় কমিটির পরামর্শ ও দিক নির্দেশনা অনুসারে সারাদেশের কিছু হাসপাতালকে রোগীবান্ধব হাসপাতালের রোল মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।  প্রাথমিকভাবে রাজধানীর শহীদ সোহরওয়ার্দী হাসপাতালকে রোল মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গত ১ জুন থেকে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। ১৯৬৩ সালে প্রখ্যাত স্থাপত্যবিদ লুই আই ক্যানের নকশায় ৮৫০ শয্যার এ হাসপাতালটি নির্মিত হয়। বর্তমানে এ হাসপাতালে গড়ে এক হাজার ৫শ’ থেকে দুই হাজার রোগী থাকে।  ঢাকার বাইরে ঝিনাহদহকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচিত করা হয়েছে। খুব শিগগিরই বিশেষায়িত হাসপাতালের মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে রোল মডেল হিসেবে গড়ে তোলার কার্যক্রম শুরু হবে।  ডা. আমিনুল জানান, হাসপাতালে রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও চিকিৎসাকালীন রোগীর সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিতসহ মোট আটটি ক্ষেত্রে সেবার মানোন্নয়নের প্রচেষ্টা চালানো হবে। ইতিমধ্যেই ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মশালা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়েছে।  সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেছেন, বর্তমানে তারা হাসপাতালে কী কী কার্যক্রম পরিচালিত হয়, কাজ করতে গিয়ে ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা কোন কোন ধরনের সমস্যায় পড়েন তা নির্ণয় করছেন।  হাসপাতালের সকলের ঐকান্তিক সহযোগিতা ও কিউআইএসের সহযোগিতায় আগামী কয়েক মাসের মধ্যেই হাসপাতালটিকে রোগীবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।  হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্বপ্না শারমিন জানান, হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা অপ্রয়োজনীয় জিনিসপত্র ওয়ার্ড থেকে দ্রুত সরিয়ে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছেন। রোগীদের ফাইলে নিয়মিত নাম ও পরিচয় সম্বলিত কাগজ সেটে রাখছেন। আগের তুলনায় হাসপাতালের পরিবেশ অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন বলে তিনি দাবি করেন।  প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ঝিনাহদহ সদর হাসপাতালে রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা কেন্দ্র রোল মডেল পরিকল্পনা বাস্তবায়ন হলে ভবিষ্যতে সারাদেশের হাসপাতালে একইভাবে কার্যক্রম পরিচালিত হবে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top