বিনোদন ডেস্ক :: সালমান খান উল্টাপাল্টা নানা কীর্তি ঘটিয়ে ‘ব্যাডবয়’ খ্যাতি অর্জন করেছেন। একাধিক মামলা ঝুলছে তাঁর মাথার ওপর। গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় তো পাঁচ বছর কারাদণ্ডের আদেশও পেয়েছেন। থানা-পুলিশ সালমানের জন্য খুবই সাধারণ বিষয়। বহুবার পুলিশের হাত ধরে থানায় গেছেন। সম্প্রতি আবারও থানা-পুলিশের দ্বারস্থ হতে হলো তাঁকে। তবে কোনো অঘটন ঘটিয়ে নয়, সম্পূর্ণ বিপরীত কারণে। এবার তিনি পুলিশের সাহায্য চাইতে থানা-পুলিশের দ্বারস্থ হতে হয়েছেন। সম্প্রতি এ ‘দাবাং’ তারকার সহকারী মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, সম্প্রতি সালমানের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন এক ব্যক্তি। ফটোশপের কারসাজিতে তৈরি করা সালমানের একটি ছবি পোস্ট করার পাশাপাশি এক বার্তায় ওই ব্যক্তি লেখেন, ‘আমার ভক্তদের মধ্যে যাঁরা ইসলাম ধর্মের অনুসারী তাঁরা না দেখলেও ‘‘বজরঙ্গি ভাইজান’’ ব্যবসাসফল হবে।’ স্পর্শকাতর বার্তাটি মুহূর্তের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনলাইনে তোলপাড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে সালমানের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি। পরে যে ব্যক্তি সালমানের নামে বার্তাটি ছাড়েন তাঁকে শনাক্ত করার জন্য পুলিশের সাহায্য চান সালমান। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগও দায়ের করেন তাঁর এক সহকারী। মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে বার্তাটি ছড়িয়ে পড়েছে তা নিয়ে একটি অভিযোগ করেছেন সালমানের সহকারী। আর অভিযোগটি সাইবার সেলে নথিভুক্ত করা হয়েছে। কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি নির্মিত হয়েছে সালমান খান ফিল্মসের ব্যানারে। ছবির কাহিনি আবর্তিত হয়েছে পাকিস্তানি ছোট্ট একটি মেয়েকে ঘিরে। বোবা মেয়েটি ভারতে হারিয়ে যায়। মেয়েটিকে তার নিজ দেশে ফিরিয়ে দেওয়ার মিশনে নামেন ছবির কেন্দ্রীয় চরিত্র রূপদানকারী সালমান। ছবিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, দীপ্তি নাভাল, ওম পুরী, নাজিম খান, শিশুশিল্পী হারশালি মালহোত্রা প্রমুখ। আগামি ১৭ জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook