0

saka-md20150728133634রিপোর্টার্স বিডি ডট কম :   মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় বুধবার ঘোষণা করা হবে। তবে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সাকা চৌধুরীর ফাঁসি বহাল থাকলেও কোন কর্মসূচিতে যাবে না বিএনপি। দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।  সূত্র জানায়, দলের ভাবমূর্তি রক্ষায় আপাতত নিরব থাকার চিন্তা করছে বিএনপি। তাই সাকার রায়কে ঘিরে দলটির পক্ষ থেকে নতুন করে কোন কর্মসূচি পালন করা হবে না। দলের বর্তমান বেহাল অবস্থায় এ বিষয়টি নিয়ে আন্দোলনে যাওয়ার কোন পরিকল্পনা নেই তাদের।   তবে রাজপথে কোন কর্মসূচি পালন না করলেও রাজনৈতিকভাবে ফায়দা নেয়ার চেষ্টা করবে বিএনপি। রাজনৈতিক উদ্দেশ্যে সাকা চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়েছে বলে দাবি করবে বিএনপি।   খোঁজ নিয়ে জানা গেছে, সাকা চৌধুরীর রায়কে ঘিরে বিশেষ কোন পরিকল্পনা না থাকলেও রায় ঘোষণার পর বিএনপি তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। এ বিষয়ে দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত নিবেন।   নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করায় এখন খালেদা জিয়ার মূল লক্ষ্য। মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে নানা কাজ নিয়ে ব্যস্ত রয়েছে বিএনপি। এরকম পরিস্থিতিতে সাকা চৌধুরীকে নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই বিএনপির।  বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, আদালতে সাকা চৌধুীর রায় ঘোষণার পর বিএনপি কোন কর্মসূচি ঘোষণা করেনি। আপিল বিভাগের রায় নিয়ে দলের  কোন পরিকল্পনা নেই।  তবে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেন, রায় ঘোষণার পর বিএনপি বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top