0

padma3

রিপোর্টার্স বিডি ডট কম :পদ্ম পাতার জল। এই ঈদে মুক্তি প্রতিক্ষিত ছবিগুলোর মধ্যে অন্যতম। তাইতো প্রচারণার বিষয়ে কোনও অংশে ঘাটতি রাখছেন না সংশ্লিষ্টরা। এরই মধ্যে ছবিটির নাম এবং নায়ক-নায়িকারাও নজর কেড়েছেন ভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রচারনা চালিয়ে। তবে চলমান রমজানকে কেন্দ্র করে ‘পদ্ম পাতার জল’ কর্তৃপক্ষ প্রচারণার অভিনব কৌশল অবলম্বন করেছে। যা মোটাদাগে দৃষ্টিকটু কিংবা অস্বস্তিকর বলেই মনে করছেন অনেকে। সমালোচকরা বলছেন, শেষপর্যন্ত সিনেমার সস্তা প্রচারণার জন্য পবিত্র রমজান আর অসহায় এতিমরাও রেহাই পেলোনা ইমন-মিম এর মতো তারকা জুটির হাত থেকে! শনিবার সন্ধ্যায় ছবিটির নায়ক-নায়িকা ইমন-মিম এবং রচয়িতা লতিফুল ইসলাম শিবলীসহ সংশ্লিষ্ট অনেকে হাজির হন আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়। সেখানে প্রায় হাজার খানেক শিশু-কিশোরের সঙ্গে ইফতার করেন তারা। ইফতারের পাশাপাশি শিশুদেরকে আমও খাওয়ান! ইমন বলেন, ‘এতোগুলো ফুটফুটে বাচ্চার মাঝে আসতে পেরে ওদের সঙ্গে ইফতার করতে পেরে আমি খুব খুশি। আমরা সবাই একটি পরিবারের মত, এই এতিম বাচ্চাগুলোর পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে নিজ দায়িত্বকে এড়িয়ে যাওয়া হবে। আমি বারবার আসতে চাই এই বাবা-মা ছাড়া ছেলেমেয়েদের কাছে।’ মিমও একই সুরে বলেন, ‘আমি আগে কখনও এতিম খানায় আসিনি। এখানে এসে এরকম শত শত ছেলেমেয়ে দেখে, বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে অন্যরকম একটা ভালোলাগা তৈরী হয়েছে। এদের সঙ্গে খেয়ে-খাওয়াতে পেরে যে কি প্রশান্তি তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না।’ রমজান এবং এতিমদের পুঁজি করে ছবির এমন অভিনব অথবা অস্বস্তিকর প্রচারণার কৌশল প্রসঙ্গে ইমন-মিম এড়িয়ে গেছেন কৌশলে। তবে ছবিটির প্রযোজনা সংশ্লিষ্টদের মন্তব্য এমন, ‘শুধু সিনেমার প্রচারণার জন্যই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এতিম খানায় গিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করবো আশা করি।’ যদিও ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন অন্য কথা। তার ভাষ্যে, ‘এটা হচ্ছে রমজান মাসে মিডিয়া কাভারেজের জন্য নতুন একটি কৌশল মাত্র। কারণ, এতিমরাতো আর প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার অবস্থায় থাকে না। অথবা সিনেমা বিষয়ে তাদের কোনও মাথা ব্যথাও নেই। ফলে এতিম এবং ইফতার বিষয়টি শুধুই মিডিয়া প্রচারণার স্বার্থে ব্যাবহার করা হয়েছে।’ উল্লেখ্য, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’। এতে ইমন-মিম ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, অমিত হাসান, নিমা রহমান, চিত্রলেখা গুহ, আবু হেনা রনি, নয়ন খান, রোমানা স্বর্ণা সহ আরো অনেকে


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top