0

5d781b16415631609dc33b2e3643773b-PM_1_07.05.2015_Kallo-Pixরিপোর্টার্স বিডি ডট কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত কারণবিহীন আন্দোলন করে শুধু দেশের সম্পদের ক্ষতি করেনি, দেশের ভাবমূর্তিও নষ্ট করেছে। তাদের কর্মকাণ্ড বৈদেশিক বিনিয়োগকে অনেকাংশে নিরুৎসাহিত করেছে। আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ড ও অরাজকতার বিরুদ্ধে সারা দেশে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলা সন্ত্রাস দমন আইনের অধীনে বিচারে জেলা জজদের এখতিয়ার দেওয়া হয়েছে। দায়ের করা মামলাগুলোর তদন্ত কাজ দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।শরীফ আহমদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানবপাচার একটি আন্তর্জাতিক সমস্যা। মানব পাচারকারীরা আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। সম্প্রতি মানবপাচারের বিষয়টি আশঙ্কাজনক হারে বেড়েছে। বাংলাদেশ মানব পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছে। এ বিষয়ে কোনো ছাড় না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাচার হওয়া বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং মানব পাচার রোধে এ অঞ্চলের দেশগুলো যাতে সমন্বিতভাবে কাজ করতে পারে, তার জন্য সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।সরকারি দলের মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারির পরে হরতাল-অবরোধের নামে সহিংসতা ও নাশকতা, পেট্রল বোমায় মানুষ পুড়িয়ে মারাসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যারা ঘটিয়েছে এবং এসব কর্মকাণ্ডের হুকুমদাতাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট অবরোধ ও হরতাল কর্মসূচির নামে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক শান্তি ও শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চালায়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর দৃঢ়তায় জনজীবনে নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখা সম্ভব হয়েছে। দেশের মানুষ অনৈতিক অবরোধ ও হরতাল মানেনি।ফরহাদ হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশ সফর ফলপ্রসূ হয়েছে। আমরা পরস্পরের উদ্বেগ ও অগ্রাধিকারের জায়গাগুলো বুঝেছি। ভারতের প্রধানমন্ত্রী অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়টিকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তিনি তিস্তার পানি বণ্টন চুক্তি শিগগির করার আশ্বাস দিয়েছেন। মো. আব্দুল্লাহর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকার আন্তর্জাতিক চিকিৎসা সেবার মানের সঙ্গে সামঞ্জস্য রেখে অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ঢাকার চানখারপুলে একটি আন্তর্জাতিক মানের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা করছে। এটি করা সম্ভব হলে স্বয়ংসম্পূর্ণ আন্তর্জাতিক মানের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসা দেওয়া সম্ভব হবে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top