রিপোর্টার্স বিডি ডট কম : বর্তমানে দেশে যে পরিমান গ্যাস মজুত আছে তা দিয়ে আগামী ১৬ বছর চালানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এর পর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে প্রাথমিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস ছিল ২৭ দশমিক ১২ টিসিএফ (ট্রিলিয়ন কিউবিক ফুট)। এর মধ্যে ২০১৫ সালের মে পর্যন্ত ১২ দশমিক ৯৬ টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে। ১৪ দশমিক ১৬ টিসিএফ গ্যাস মজুত আছে। চলতি অর্থ বছরের ১১ মাসে ৮১৫ দশমিক ৯৮ বিসিএস (বিলিয়ন কিউবিক ফুট) উত্তোলন করা হয়েছে। গ্যাস উত্তোলনের এই হার অব্যাহত থাকলে মজুত গ্যাস ২০৩১ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে। একসঙ্গে গ্যাসে চাপ কমে যাওয়ার কারণে গ্যাস ফিল্ডগুলোর উৎপাদন ক্ষমতা কমে যাবে। জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ভাড়ায় নির্মিত ৩১টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এগুলোর উৎপাদন ক্ষমতা দুই হাজার ১৩৭ মেগাওয়াট। ১৪টি রেন্টাল ও কুইক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭৪৮ দশমিক ৫০ মেগাওয়াট এবং ১৭টি কুইক রেন্টাল কেন্দ্রের উৎপাদন ক্ষমতা এক হাজার ৩৮৮ দশমিক ৫০ মেগাওয়াট।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook